গভীর রাতে লক্ষ্মীপুর নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের স্টোররুমে গভীর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। দুর্বৃত্ত পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

কার্যালয়ে স্থাপিত সিসিটিভি ফুটেজে মুখে মাস্ক পরা এক যুবককে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে আগুন দিয়ে দ্রুত বেরিয়ে যেতে দেখা যায়। 

শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।

সিসিটিভির ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত যুবক গেটের পশ্চিম পাশের প্রাচীর বেয়ে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে। 

কিছু সময় পরই স্টোররুমের ভেতর থেকে আগুনের আলো দেখা যায়। এরপর সে পুনরায় দেয়াল টপকে স্থান ত্যাগ করে।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসেন জানান, মুখে মাস্ক পরিহিত ওই ব্যক্তি জানালার কাঁচ ভেঙে বা খুলে ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। 

ঘটনার সময় কার্যালয়ের দারোয়ান হামিম ভেতরে ঘুমিয়ে ছিলেন। তিনি বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে দুর্বৃত্ত পালিয়ে যায়। আগুনে ২০০৮ ও ২০০৯ সালের ভোটারদের দ্বিতীয় ফরম সম্পূর্ণ পুড়ে গেছে। 

পাশাপাশি একটি অকেজো ডেস্কটপ সিপিইউসহ কিছু অফিস সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন বড় আকার ধারণ করতে পারেনি।

তিনি আরও জানান, খবর পেয়ে তিনি ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ ঘটনাস্থলে যান এবং পরে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়। 

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভবিষ্যতে নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ বলেন, অগ্নিকাণ্ডে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হলেও দ্রুত শনাক্ত হওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।