উৎসবমুখর পরিবেশে চলছে চট্টগ্রাম চেম্বার নির্বাচন

আপডেট : ২৩ মে ২০২৬, ০১:১৫ পিএম

দীর্ঘদিন পর চট্টগ্রাম চেম্বার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার (২৩ মে) সকাল থেকে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। এবারের নির্বাচনে ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেলেও মূল দুই প্রতিদ্বন্দ্বী প্যানেলের মধ্যে একটি প্যানেল নির্বাচন প্রত্যাখ্যান করায় একটি মাত্র প্যানেলের প্রার্থীদের উপস্থিতিতেই এ ভোট অনুষ্ঠিত হচ্ছে।

চেম্বার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম জানান,  সকাল থেকে যথারীতি ভোট গ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে ভোট গ্রহণ চলছে।

নির্বাচনি কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও আশেপাশের এলাকা জমজমাট হয়ে উঠেছে। বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকে নির্বাচনি ক্যাম্প বসানো হয়েছে সেন্টারের বাইরে। ভোটকেন্দ্রে প্রবেশের মুখেই প্রার্থী, ভোটার ও প্রার্থীর কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে এক ধরনের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। মো. আমিরুল হকের নেতৃত্বাধীন ইউনাইটেড বিজনেস ফোরাম প্যানেলের প্রার্থীরা প্রবেশ পথে দাঁড়িয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন। তবে ভোট প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়ে আগের দিনই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে এস এম নুরুল হকের নেতৃত্বাধীন প্যানেল সম্মিলিত ব্যবসায়ী পরিষদ।

ইউনাইটেড বিজনেস ফোরামের প্যানেল লিডার সীকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিরুল হক বলেন, চট্টগ্রাম চেম্বারে নির্বাচনের সংস্কৃতি হারিয়ে গিয়েছিল। দীর্ঘদিন পর ব্যবসায়ীরা নিজেদের প্রতিনিধি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। যে কারণে দলে দলে তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছে।

অর্ডিনারী গ্রুপের ১২টি ও অ্যাসোসিয়েট গ্রুপের ছয়টি পরিচালক পদে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবার অর্ডিনারি গ্রুপে ৪হাজার একজন ও অ্যাসোসিয়েট গ্রুপে ২ হাজার ৭৬৪ জন ভোটার রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত