লক্ষ্মীপুর জেলায় ঘরে ঢুকে ছকিনা বেগম (৫০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোররাতে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মটকা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খবর পেয়ে ছকিনা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ডাকাতির সময় বাধা দেওয়ায় নাকি পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয় সেটা খতিয়ে দেখছে পুলিশ।
নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, শনিবার ভোর সাড়ে ৩টার দিকে মুখোশ পরা একদল দুর্বৃত্ত ঘরের ছাদ দিয়ে ভেতরে ঢুকে করে। পরে তারা সরাসরি ছকিনার রুমে যায়। এ সময় তিনি চিৎকার করলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ছকিনাকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে এবং পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ছকিনার স্বামী সাফি উল্লাহ প্রায় তিন বছর আগে মারা যান। তার দুই সন্তান বর্তমানে বিদেশে অবস্থান করছেন। ঘর থেকে কোনো মালামাল বা টাকা লুটের ঘটনা ঘটেনি বলে জানান স্বজনেরা। তবে ডাকাতির সময় বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে স্থানীয়দের একটি অংশ দাবি করছে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বলেন, প্রাথমিকভাবে পূর্বশত্রুতা বা পরিকল্পিতভাবে নারীকে কুপিয়ে হত্যার বিষয়টি সামনে আসছে। তবে ডাকাতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দুই দিকই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।