আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি এখন প্রতিবেশী দেশ ভারতে অবস্থান করছেন। আজ শনিবার কলকাতার লেক টাউন এলাকায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে স্থাপিত নিজের ৭০ ফুট উচ্চতার বিশাল ভাস্কর্য ভার্চুয়ালি উদ্বোধন করেছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা।
২০১১ সালের পর এটিই মেসির প্রথম ভারত সফর, যা কলকাতার ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসে নতুন মাত্রা যোগ করেছে। হায়াত রিজেন্সি হোটেল থেকে অনলাইনে ভাস্কর্যর উদ্বোধনে মেসির সঙ্গে ছিলেন তার সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পল। বিশেষ এই মুহূর্তটিকে ঘিরে শহরজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে; সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে উদযাপনের দৃশ্য।
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে নির্মিত লোহার এই বিশাল ভাস্কর্যে মেসিকে ফিফা বিশ্বকাপ ট্রফি হাতে দেখা যা। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের স্মারক হিসেবে ভাস্কর্যটি তৈরি করা হয়েছে। উদ্বোধনের পর থেকেই ভাস্কর্যটি পরিণত হয়েছে ফুটবলপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি সুজিত বসে জানান, মেসি নিজে এই ভাস্কর্য নির্মাণে সম্মতি দিয়েছেন।
এক সংক্ষিপ্ত বক্তব্যে মেসি বলেন, 'উষ্ণ অভ্যর্থনার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এটি সত্যিই আমার জন্য এক বিরাট সম্মান, এবং এখানে আসতে পেরে আমি ভীষণ আনন্দিত। বিশ্বকাপের সময় ভারতীয় জাতির যে সমর্থন পেয়েছি, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। তাদের ভালোবাসা ও সমর্থন আমাকে সত্যিই আনন্দিত করেছে। আমরা এই সুন্দর মুহূর্তগুলো তাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে খুশি, কারণ আমি জানি-আমাদের প্রতি তাদের ভালোবাসা কতটা গভীর।'
আজ শনিবার ভোরে কলকাতায় পৌঁছাতেই হাজারো ভক্ত রাস্তায় নেমে আসেন। হোটেল, সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে ভিড়—সব মিলিয়ে তৈরি হয় ‘মেসি ম্যানিয়া’। আগামী ৭২ ঘণ্টায় কলকাতা ছাড়াও হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লিতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন মেসি ও তার দলবল। সফরের শেষ দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাতের সূচিও রয়েছে।