আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির ভারত সফর ঘিরে যখন উন্মাদনা তুঙ্গে, তখনই বড় ধাক্কা খেলেন সাধারণ ভক্তরা। জানা গেছে, হায়দরাবাদে মেসির সঙ্গে একটি ছবি তুলতে গুনতে হবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ ৯৫ হাজার টাকা! যা শুনে হতবাক সমর্থকরা ক্ষোভ ও রসিকতায় ভরিয়ে তুলেছেন সামাজিক যোগাযোগমাধ্যম।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘গোট ট্যুর অব ইন্ডিযা’-এর আয়োজকেরা মেসিকে দেখার জন্য একটি ‘মিট অ্যান্ড গ্রিট’ প্যাকেজের ঘোষণা করেছেন। ১০ লক্ষ রুপি খরচ করলে এই প্যাকেজ কিনতে পারবেন সাধারণ মানুষ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২.৯৫ লাখ টাকা। মাত্র ১০০ জনের জন্য এই বিশেষ ‘মিট অ্যান্ড গ্রিট’ সুযোগ রাখা হয়েছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে হায়দরাবাদের ঐতিহ্যবাহী ফালাকনুমা প্যালেসে।
বোঝাই যাচ্ছে, মেসির সঙ্গে সেলফির সুযোগ সাধারণ ভক্তরা পাচ্ছেন না। অনেক আগে থেকেই টিকিট বিক্রি শুরু হয়েছে, টিকিট শেষও হয়ে গেছে। তবে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে হাস্যরসের বন্যা। কেউ লিখেছেন, ‘এত টাকায় তো এআই দিয়েই মেসির সঙ্গে ছবি বানিয়ে নেওয়া যায়!’ আবার কেউ আক্ষেপ করে বলেছেন, ‘এটা একেবারেই অন্যায়।’ অন্যদিকে আয়োজকদের দাবি, জীবনে এক বারই এই সুযোগ পাওয়া যাবে। তাই দামটা একটু বেশি।
হায়দরাবাদ পর্বে শনিবার বিকেল ৪টায় শহরে পৌঁছাবেন মেসি। সন্ধ্যা ৭টা থেকে উপ্পল স্টেডিয়ামে তিন ঘণ্টাব্যাপী আয়োজনে অংশ নেবেন। তার সঙ্গে থাকবেন বিশ্বকাপজয়ী সতীর্থ রদ্রিগো ডি পল এবং দীর্ঘদিনের বন্ধু ও ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ। অনুষ্ঠানের শুরুতে একটি ২০ মিনিটের প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে ১৫ জন শিশু অংশ নেবে—এর মধ্যে ১০ জন সুবিধাবঞ্চিত, যারা কখনও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ পায়নি।
কলকাতায় মেসি উন্মাদনা; মধ্যরাতে ভক্তদের উল্লাসে মহানায়ককে বরণ
সালাহ ফিরছেন লিভারপুল দলে, ব্রাইটন ম্যাচেই দেখা মিলতে পারে