লা লিগায় রবিবার আলাভেসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় দুশ্চিন্তায় পড়েছে রিয়াল মাদ্রিদ। ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে সর্বোচ্চ ১২ জন খেলোয়াড়ের অনুপস্থিতি নিয়ে মাঠে নামতে হতে পারে লস ব্লাঙ্কোসদের। সবচেয়ে বড় উদ্বেগ কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। আগামীকালের ম্যাচটিতে এখন পর্যন্ত তিনি অনিশ্চিত।
চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারের ম্যাচটি এমবাপ্পে খেলতে পারেননি। গত সপ্তাহে সেল্তার বিপক্ষে ম্যাচে হাঁটুর সমস্যায় ভুগছেন তিনি। পাশাপাশি তার একটি আঙুলেও চিড় আছে বলে জানা গেছে। শুক্রবার অনুশীলনে ফিরলেও সাম্প্রতিক সময়ে দলের সঙ্গে পূর্ণ অনুশীলন না করায় আলাভেসের বিপক্ষে তার খেলার সম্ভাবনা কম বলেই মনে করছে ক্লাবের ঘনিষ্ঠ সূত্র।
ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারবেন না ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, দানি কারভাহাল, ডেভিড আলাবা, ফেরলাঁ মঁদি ও এদের মিলিতাও। এছাড়া আলভারো কারেরাস ও ফ্রান গার্সিয়া নিষেধাজ্ঞার কারণে বাইরে থাকছেন। ফলে প্রথম দলের নিয়মিত কোনো ফুল-ব্যাক ছাড়াই খেলতে হতে পারে রিয়ালকে। এই পরিস্থিতিতে একাডেমির তরুণ ডিফেন্ডার ভিক্তর ভালদেপেনাসকে দলে ডাকতে পারেন কোচ।
এছাড়া এদুয়ার্দো কামাভিঙ্গা, ফেদেরিকো ভালভার্দে, আন্তোনিও রুডিগার ও ডিন হুইজেনের খেলাও অনিশ্চিত। এই ম্যাচটি রিয়াল কোচ জাবি আলোনসোর জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। লা লিগায় বর্তমানে শীর্ষে থাকা বার্সেলোনার থেকে ৪ পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। লিগে শেষ পাঁচ ম্যাচে মাত্র একটি জয় পাওয়ায় আলোনসোর ওপর চাপ ক্রমেই বাড়ছে। আলাভেসের বিপক্ষে জয় না পেলে রিয়ালের শিরোপা লড়াই আরও কঠিন হয়ে উঠবে।