২৯ ডিসেম্বর শুরু নারী ফুটবল লিগের দলবদল রবিবার থেকে, জানালেন কিরণ

বাংলাদেশে নারী ফুটবল লিগের নতুন মৌসুম শুরু হবে চলতি মাসের শেষে। আগামী ২৯ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে এবারের নারী ফুটবল লিগ, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। লিগ শুরুর আগে ১৪ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে খেলোয়াড় দলবদল কার্যক্রম। লিগে অংশগ্রহণকারী ১১ ক্লাবের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান ও বাফুফে সদস্য মাহফুজ আক্তার কিরণ। 

তিনি জানান, প্রতিটি ম্যাচের পর দুই দিনের বিরতি রেখে সূচী সাজানো হয়েছে, যেন খেলোয়াড়দের স্বাভাবিক বিশ্রাম নিশ্চিত করা যায়। সংক্ষিপ্ত সময়ে লিগ শেষ করার কারণ ব্যাখ্যা করে কিরণ বলেন, 'ফেব্রুয়ারিতে জাতীয় দলের কয়েকজন খেলোয়াড় অস্ট্রেলিয়ায় খেলতে যাবে। বছরে একবার হওয়া লিগ থেকে খেলোয়াড়দের আয়ের সুযোগ নিশ্চিত করতেই জানুয়ারির মধ্যেই লিগ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

এবারের লিগে বিদেশি খেলোয়াড় নিবন্ধনের সুযোগ থাকছে। প্রতিটি ক্লাব সর্বোচ্চ চারজন বিদেশি খেলোয়াড় নিবন্ধন করতে পারবে, তবে ম্যাচে একসঙ্গে খেলানো যাবে তিনজনকে। বয়সভিত্তিক খেলোয়াড় উন্নয়নের লক্ষ্যে প্রতিটি দলে বাধ্যতামূলকভাবে চারজন অনূর্ধ্ব-১৭ এবং চারজন অনূর্ধ্ব-২০ খেলোয়াড় থাকতে হবে। ম্যাচের শুরুর একাদশেও অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ পর্যায় থেকে দুজন করে খেলোয়াড় মাঠে নামাতে হবে, এমন নিয়মই চালু করেছে বাফুফে। 
খেলোয়াড় পুল গঠনের গুঞ্জন নাকচ করে কিরণ বলেন, 'এবার কোনো পুল ব্যবস্থা রাখা হয়নি। সব খেলোয়াড়ই ফ্রি থাকবে এবং তারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ক্লাবে খেলতে পারবে। একইভাবে ক্লাবগুলোও ইচ্ছামতো খেলোয়াড় দলে ভেড়াতে পারবে।' প্রতিটি দল ন্যূনতম ২৩ জন এবং সর্বোচ্চ ৩৫ জন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কমলাপুর স্টেডিয়ামে।

লিগের স্পন্সরশিপ নিয়ে কিরণ জানান, 'ওয়ালটনের সঙ্গে আনুমানিক ১০ লাখ টাকার একটি চুক্তি হয়েছে। তবে এই অর্থ লিগ আয়োজনের জন্য পর্যাপ্ত নয়।' নানা সীমাবদ্ধতা সত্যেও বাফুফে নারীদের ফুটবল লিগ আয়োজন করতে যাচ্ছে।