ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ভারতের ৪ ক্রিকেটার নিষিদ্ধ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:০৭ পিএম

ভারতীয় ঘরোয়া ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের অভিযোগে বিতর্কের ঝড় উঠেছে। আসামের চার ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং–সংক্রান্ত গুরুতর অভিযোগ ওঠার পর তাদের তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

শুক্রবার আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এসিএ) সচিব সনাতন দাস জানান, অমিত সিনহা, ইশান আহমেদ, আমান ত্রিপাঠী ও অভিষেক ঠাকুরিকে সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত চারজনই বিভিন্ন সময়ে আসামের হয়ে বিভিন্ন স্তরে ক্রিকেট খেলেছেন।

এসিএ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের সৈয়দ মুশতাক আলি ট্রফিকে কেন্দ্র করে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। টুর্নামেন্ট চলাকালে আসাম দলে থাকা ক্রিকেটারদের প্রভাবিত ও প্ররোচিত করার চেষ্টা করেছিলেন বলেই সন্দেহ তদন্তকারীদের।

এ বিষয়ে এক বিবৃতিতে সনাতন দাস বলেন, “সৈয়দ মুশতাক আলি ট্রফি ২০২৫–এ আসামের হয়ে খেলা ক্রিকেটারদের প্রভাবিত করার অভিযোগে চার ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত হয়েছে। বিসিসিআইয়ের দুর্নীতি দমন ইউনিট বিষয়টি খতিয়ে দেখেছে এবং একই সঙ্গে এসিএ ফৌজদারি প্রক্রিয়াও শুরু করেছে।”

এসিএ নিশ্চিত করেছে, অভিযুক্তদের বিরুদ্ধে গৌহাটির ক্রাইম ব্রাঞ্চে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

সৈয়দ মুশতাক আলি ট্রফির এলিট গ্রুপ ‘এ’-তে খেলেছিল আসাম দল। সেই স্কোয়াডে ছিলেন ভারতের তারকা ক্রিকেটার রিয়ান পরাগও। তবে সাত ম্যাচে মাত্র তিনটি জয় নিয়ে আট দলের মধ্যে সপ্তম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে আসাম। উল্লেখযোগ্য বিষয় হলো, ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ চার ক্রিকেটারের কেউই ওই টুর্নামেন্টে আসামের খেলার একাদশে ছিলেন না।

আইসিসি ও বিসিসিআইয়ের দুর্নীতি দমন বিধি অনুযায়ী ম্যাচ ফিক্সিং একটি গুরুতর অপরাধ। দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ক্রিকেটারদের নির্দিষ্ট সময়ের জন্য বা অপরাধের মাত্রা অনুযায়ী আজীবনের জন্যও নিষিদ্ধ করা হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত