সাগরিকার ছবির জন্য দেশ রূপান্তর ফটোগ্রাফার পেলেন পুরস্কার

২০২৪-এর ৮ ফেব্রুয়ারি সাফ অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে ফাইনালে ইনজুরি টাইমে গোল করে সমতা ফিরিয়েছিলেন বাংলাদেশের সাগরিকা। পরে টাইব্রেকার ১১-১১ গোলে নাটকীয় ভাবে শেষ হয়। যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় দুদলকে। খেলা শেষে মহামূল্যবান সমতাসূচক গোলদাতা সাগরিকা নিয়ে উদযাপন করেছিল মেয়েরা। সেই মুহূর্তের ছবি তুলে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন-বিএসপিএ পুরস্কার জিতেছেন দেশ রূপান্তরের মোশারফ হোসেন ভুবন।  

আজ ক্রীড়া সাংবাদিকদের স্বীকৃতি প্রদানের অনুষ্ঠান ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মোশারফ ভুবনের হাতে স্পোর্টস ফটোগ্রাফি বদরুল হুদা ট্রফি তুলে দেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। এই ক্যাটাগরিতে রানার্সআপ হয়েছেন দেশ রূপান্তরের সাবেক সাব এডিটর মুহাম্মদ সাজ্জাদ হোসেন মুকুল ও ডেইলি স্টারের স্টাফ ফটো জার্নালিস্ট ফিরোজ আহমেদ। 

২০২৪ সালের জার্নালিস্ট অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন টি-স্পোর্টসের সিনিয়র ক্রীড়া সাংবাদিক রিফাত আল মাসুদ। স্বাধীন বিচারক প্যানেলের মার্কিংয়ে সর্বোচ্চ নাম্বার পেয়ে তওফিক আজিজ খান ট্রফি এবং ১ লক্ষ টাকার চেক জিতে নেন রিফাত আল মাসুদ। এই বিভাগে প্রথম রানার-আপ হয়েছেন ঢাকা পোস্ট ডটকমের সিনিয়র রিপোর্টার আরাফাত জোবায়ের এবং এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার বদিউজ্জামান মিলন। 

সেরা ছবির ট্রফি হাতে মোশারফ ভুবন

২০২৪ সালে এক্সক্লুসিভ রিপোর্টে বদি-উজ-জামান ট্রফি জিতেছেন সময় টিভির সিনিয়র রিপোর্টার এসএম ইকবাল। এই বিভাগে রানার-আপ হয়েছেন একাত্তর টিভির ফয়সাল হাবীব ও  প্রথম আলোর স্পোর্টস এডিটর তারেক মাহমুদ। সিরিজ রিপোর্টে আব্দুল হামিদ ট্রফি জিতেছেন ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার আরাফাত জোবায়ের। এই বিভাগে রানার-আপ হয়েছেন এটিএন নিউজের বদিউজ্জামান মিলন ও ঢাকা ট্রিবিউনের শিশির হক। 

সাক্ষাৎকারে প্রিন্ট ও অনলাইন বিভাগে আতাউল হক মল্লিক ট্রফি জিতেছেন সমকালের স্পোর্টসন এডিটর সঞ্জয় সাহা পিয়াল। এই বিভাগে রানার-আপ হয়েছেন ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসাম ও ঢাকা পোস্টেও সিনিয়র রিপোর্টার আরাফাত জোবায়ের। 

ইলেকট্রনিক মিডিয়ায় সাক্ষাৎকার বিভাগে আতাউল হক মল্লিক ট্রফি জিতেছেন চ্যানেল টি- স্পোর্টসের সিনিয়র রিপোর্টার রিফাত আল মাসুদ। এই বিভাগে রানার-আপ হয়েছেন সময় টিভির তাজিন খন্দকার পান্না ও চ্যানেল ২৪-এর একেএম ফায়জুল ইসলাম। 

সেরা রিপোর্টারের পুরস্কার রিফাত মাসুদের হাতে তুলে দেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর

ফিচার/ডকুমেন্টরি বিভাগে প্রিন্ট ও অনলাইন রণজিৎ বিশ্বাস ট্রফি জিতেছেন ডেইলি স্টার’এর সাব এডিটর আশফাক উল আলম। রানার-আপ হয়েছেন এটিএননিউজের বদিউজ্জামান মিলন ও প্রথম আলোর জহির উদ্দিন মিশু। 

ফিচার/ডকুমেন্টরিতে ইলেকট্রনিক মিডিয়া বিভাগে রণজিৎ বিশ্বাস ট্রফি জিতেছেন টি-স্পোর্টসের সিনিয়র রিপোর্টার রিফাত আল মাসুদ। এই বিভাগে রানার-আপ হয়েছেন একই প্রতিষ্ঠানের নাবিল এলাহী খান ও চ্যানেল ২৪্এর এসকে শাওন।