ডিআরইউ মিডিয়া কাপে দেশ রূপান্তরের জয়

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

ওয়ালটন-ল্যাবএইড ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে জয় দিয়ে শুভসূচনা করেছে টিম দেশ রূপান্তর। নিজেদের প্রথম ম্যাচে ইটিভিকে ৫ উইকেটে হারিয়ে নকআউট পর্বে দারুণ সূচনা করেছে দলটি। বল হাতে প্রতিপক্ষকে ৪২ রানে আটকে দেওয়ার পর ব্যাট হাতে মাত্র দুই ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দেশ রূপান্তর।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত টুর্নামেন্টের দিনের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইটিভি।

নির্ধারিত ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪২ রান সংগ্রহ করে দলটি। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষের ব্যাটারদের চাপে রাখে দেশ রূপান্তরের বোলাররা। দলের হয়ে ফয়সাল খান, শওকত আলী পলাশ ও অতিথি খেলোয়াড় মীর জসিম একটি করে উইকেট শিকার করেন।

জয়ের জন্য ৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে দেশ রূপান্তর। কোনো উইকেট না হারিয়ে মাত্র দুই ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় দলটি। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখান অধিনায়ক ফয়সাল খান। দুটি ছক্কা ও দুটি চারের সাহায্যে ২১ রান করে অপরাজিত থাকেন তিনি। অন্য প্রান্তে তাকে দারুণ সঙ্গ দেন অতিথি খেলোয়াড় মীর জসিম। একটি ছক্কা ও দুই চারের সাহায্যে ১৪ রান করে অপরাজিত থাকেন তিনি। ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বিজয়ী দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মীর মোহাম্মদ জসিম।

নকআউট পর্বের এই ম্যাচে দেশ রূপান্তর দলের নেতৃত্ব দেন ফয়সাল খান। দলের অন্য খেলোয়াড়রা হলেন শওকত আলী পলাশ, জুনায়েদ শিশির, আরিফ শাওন, অতিথি খেলোয়াড় মীর জসিম, আব্দুল হামিদ, শাহেদ আলী ও ফজলুর রহমান। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন— নাজমুল ইসলাম, এ কে সাইমুম, ইউসুফ কবির ও সৈয়দ মো. আবু খায়ের প্রমুখ।

টুর্নামেন্টের প্রথম ম্যাচেই এমন দাপুটে জয় দেশ রূপান্তরের খেলোয়াড়দের মধ্যে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বোলিংয়ে নিয়ন্ত্রণ আর ব্যাটিংয়ে আগ্রাসী মনোভাবের সমন্বয়ে প্রথম ম্যাচেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে দলটি।

এবারের ওয়ালটন-ল্যাবএইড ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে মোট ৪৮টি গণমাধ্যমের দল অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে ২৩টি দৈনিক পত্রিকা, ১৭টি টেলিভিশন চ্যানেল ও ৮টি অনলাইন সংবাদমাধ্যম।

সর্বশেষ সর্বাধিক পঠিত