খায়রুল কবির খোকন

পাশ্ববর্তী দেশের উস্কানীতে আ. লীগের দালালরা নির্বাচন পণ্ড করা চেষ্টা চালাচ্ছে

বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামী লীগের হাতে অনেক অবৈধ অস্ত্র ও টাকা রয়েছে। অবৈধভাবে লাইসেন্স দেওয়া সে সকল অস্ত্রও এখানো পর্যন্ত উদ্ধার হয়নি। সেই সাথে পাশ্ববর্তী দেশ থেকে অস্ত্র আমদানী করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির মাধ্যমে বাংলাদেশর আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। এই দেশর জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে। দ্রুত সময়ের মধ্যে হাদির ওপর হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর ওপর হিংস্র হামলার প্রতিবাদে নরসিংদী জেলা বিএনপি'র প্রতিবাদ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, যে কোনও পরিস্থিতিতে বাংলাদেশে নির্বাচন হবে, ২০২৬ এর ফ্রেব্রুয়ারি মাসের ১২ তারিখে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই। স্বৈরাচার আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তারাই নির্বাচন বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। তাদেরকে চিহ্নিত করে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

বিক্ষোভ মিছিলে জেলা বিএনপির সহসভাপতি এম এ জলিল, সহসভাপতি আকবর হোসেন, সহ সভাপতি হারুন অর রশিদ, সহসভাপতি রবিউল ইসলাম রবিসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

মিছিলটি নরসিংদী জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।