সংকটকালে জিয়া পরিবারই জাতির হাল ধরেছেন: খোকন

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:১০ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, দেশের সংকটকালে ও ক্রান্তিলগ্নে জিয়া পরিবারই বারবার জাতির নেতৃত্ব দিয়েছেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে নরসিংদীর চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন বলেন, ‘শহীদ জিয়াউর রহমান দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্ব দিয়েছেন। বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর সামরিক ও স্বৈরাচার সরকারের বিরুদ্ধে লড়াই করে আপোষহীন নেত্রীর খেতাব অর্জন করেছেন। আরও দীর্ঘ সতের বছর ফ্যাসিস্ট ও মাফিয়া সরকারের বিরুদ্ধে লড়াই করে তিনি মাদার অব ডেমোক্রেসি উপাধি পেয়েছেন। দেশের প্রতি জিয়া পরিবারের অবদান অবিস্মরণীয়। জাতি, দেশ ও জনগণ চিরকাল তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে।’

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে, যেখানে ৫০ লক্ষের বেশি মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া ঐতিহাসিক ছাত্র গণ-অভ্যুত্থানের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যা জিয়া পরিবারের বৃহত্তম অবদানের ফল। আসন্ন নির্বাচনে জনগণ তাদের পবিত্র ভোটের মাধ্যমে জিয়া পরিবারের দেশের প্রতি অবদানের স্বীকৃতি দিবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, সহ-সভাপতি এড. আবদুল বাসেদ ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, গোলাম কিবরিয়া কামাল, হারুন অর রশিদ, ফারুক উদ্দিন ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত