মাঠে ফিরলেন সালাহ গড়লেন রেকর্ড জিতলো লিভারপুল

ব্রাইটনের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয়ে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন মোহাম্মদ সালাহ। অ্যানফিল্ডে শনিবার ২–০ গোলে জেতা ম্যাচে একটি অ্যাসিস্ট করে প্রিমিয়ার লিগের ইতিহাসে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল অবদানের রেকর্ড গড়েছেন লিভারপুলের এই তারকা ফরোয়ার্ড।

হুগো একিতিকের দ্বিতীয় গোলটিতে সহায়তা করেন সালাহ। এর মাধ্যমে লিভারপুলের হয়ে তার মোট গোল ও অ্যাসিস্টের সংখ্যা দাঁড়ায় ২৭৭। এতদিন এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল অবদানের রেকর্ড ছিল ওয়েন রুনির দখলে—ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তার গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ছিল ২৭৬টি। সেই রেকর্ডই এবার ভেঙে দিলেন সালাহ।

এই ম্যাচে বদলি হিসেবে নামেন সালাহ। প্রথমার্ধে ডিফেন্ডার জো গোমেজ চোট পাওয়ায় তাকে মাঠে নামান কোচ আর্নে স্লট। নামার পরই দলের আক্রমণে প্রাণ ফেরান মিশরীয় ফরোয়ার্ড এবং ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখেন।

সাম্প্রতিক সময়ে কোচ স্লটের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং একাদশে নিয়মিত না থাকার কারণে আলোচনায় ছিলেন সালাহ। এমনকি মাঝ সপ্তাহে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচে স্কোয়াডেই ছিলেন না তিনি। তবে ব্রাইটনের ম্যাচের আগে কোচের সঙ্গে আলোচনার পর দলে ফেরেন তিনি।

লিভারপুলের হয়ে সালাহ এখন পর্যন্ত করেছেন ১৮৮ গোল ও ৮৯ অ্যাসিস্ট। সামনে আফ্রিকা কাপ অব নেশনস খেলতে মরক্কোর উদ্দেশে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। মিশরের হয়ে ২০১০ সালের পর আবারও শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন এই তারকা।

এদিকে ম্যাচের আগে ও পরে সালাহর ভবিষ্যৎ নিয়েও জল্পনা বেড়েছে। আফ্রিকা কাপ চলাকালীন জানুয়ারিতে ট্রান্সফার উইন্ডো খোলার সময় তার ভবিষ্যৎ নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে বলেও ইঙ্গিত মিলছে।