নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির কর্মকর্তা নিহত

নোয়াখালীর সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ওষুধ কোম্পানির বিক্রয় কর্মকর্তা নিহত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চরউরিয়া গ্রামের সোনাপুর–চেয়ারম্যানঘাট সড়কে খলিল মিয়ার বাড়ির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মো. মাইনউদ্দিন (৩৭) সুবর্ণচর উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরমজিদ গ্রামের বাসিন্দা এবং সাহাব উদ্দিনের ছেলে। তিনি জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আঞ্চলিক বিক্রয় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে মাইনউদ্দিন তার বাবাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে স্থানীয় জোবায়ের বাজারে যান। সেখানে বাবাকে রেখে তিনি মোটরসাইকেলে করে কুমিল্লায় নিজ কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কে পৌঁছালে সুবর্ণচরগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।