আইএল টি-টোয়েন্টিতে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে দুবাই ক্যাপিটালস। শনিবার রাতের রোমাঞ্চকর লড়াইয়ে আবুধাবি নাইট রাইডার্সকে তারা ৯ রানে হারিয়েছে। দুবাইয়ের বাংলাদেশি তারকা মোস্তাফিজুর রহমান এদিন বল হাতে ভালো করতে পারেননি। তবে দর্শনীয় একটি ক্যাচ নিয়ে দর্শকদের হৃদয় জয় করেছেন।
আবুধাবিতে আগে ব্যাট করতে নেমে ১৯৬ রান তুলেছিল দুবাই ক্যাপিটালস। জবাবে ১৮৭ রানে আটকে যায় স্বাগতিক নাইট রাইডার্স। আসরে নিজের প্রথম দুই ম্যাচে দারুণ বোলিং করা মোস্তাফিজ এদিন চার ওভারে ৪৭ রান দিয়ে পান ১ উইকেট। প্রথম দুই ওভারে ১৫ রান দেওয়া বাঁহাতি পেসার পরের দুই ওভারে দেন ৩২ রান।
ক্যাপিটালসের হয়ে ৫৪ বলে ১০ চার ও ৫ ছক্কায় ৯৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন শায়ান জাহাঙ্গীর। ১১১ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা নাইট রাইডার্সকে এতদূর টেনে নিয়ে যান ৩৩ বলে ৪টি করে চার-ছক্কায় অপরাজিত ৫৩ রানের ইনিংস খেলা আন্দ্রে রাসেল।
দ্বাদশ ওভারে শর্ট থার্ডম্যানে দারুণ ডাইভিং ক্যাচ নিয়ে ব্র্যান্ডন ম্যাকমুলানকে ফেরান মোস্তাফিজ। জয়ের জন্য নাইটদের শেষ পাঁচ ওভারে দরকার পড়ে ৮৪ রান। এসময় দ্বিতীয় স্পেল করতে এসে প্রথম ওভারে ১৮ রান দেন মোস্তাফিজ। নিজের শেষ ওভারে দেন ১৫ রান। শেষ ওভারে ২৬ রানের হিসাব মেলাতে পারেনি নাইটরা।