নোয়াখালীর হাতিয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিনের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুভাষ পালের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আবুল কালাম, উপজেলা প্রকৌশলী এমদাদুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রাশেদুর ইসলাম এবং হাতিয়া প্রেসক্লাবের সভাপতি জি এম ইবরাহিম প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাঙালি জাতিকে মেধাশূন্য করতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। দিনটি জাতির ইতিহাসে এক গভীর শোক ও বেদনার দিন। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। তাঁদের আদর্শ ও চেতনাকে ধারণ করেই দেশ গঠনে এগিয়ে যেতে হবে।
আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।