শহীদ বুদ্ধিজীবী দিবস

দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের পর কর্মসূচি ঘোষণা রাকসুর

সংবাদ প্রকাশের পর শহীদ বুদ্ধিজীবী দিবসে মিলাদ মাহফিল ও আলোচনা সভার কর্মসূচির ঘোষণা দিয়েছে  রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ এই কর্মসূচির ঘোষণা দেন। 

তিনি বলেন, আমাদের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আমরা দোয়া মাহফিল ও বাদ মাগরিব একটি আলোচনা সভার আয়োজন করছি।

দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)। পরে ভোর থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিভিন্ন হল, বিভাগ, ইন্সটিটিউট ও ক্রিয়াশীল ছাত্র রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

তবে রাকসুর পক্ষ থেকে কোনো পুষ্পস্তবক অর্পণ করা হয়নি।

এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসে দুপুর ১টা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচিও ঘোষণা না করায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার অনলাইনে সংবাদ ও ফটোকার্ড প্রকাশের পরে দুপুর দেড়টায় মিলাদ মাহফিল ও আলোচনা সভার কর্মসূচি নির্ধারণ করে সংগঠনটি।