দুমকিতে শিশুদের মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৪

শিশুদের মারামারিকে কেন্দ্র করে পটুয়াখালীর দুমকি উপজেলার চরগরবদি গ্রামে দু’পরিবারের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে মুরাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, খেলাধুলার সময় সাইদুজ্জামান খানের শিশুকন্যার সঙ্গে তার চাচাত ভাই আ. হালিম খানের শিশুর মারামারি হয়। এ ঘটনার জেরে তর্কের একপর্যায়ে সাইদুজ্জামানের স্ত্রী লাইজু বেগমকে (২৬) ধাক্কা দিয়ে ফেলে শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। এতে উভয় পরিবারের লোকজন জড়ো হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষে লাইজু বেগম (২৬), সূর্জভানু (৭০), শান্তা (২৬) ও রুমা (২৫) আহত হন। গুরুতর আহতদের দুমকি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাইদুজ্জামানের ছোটভাই বদরুল আলম খান অভিযোগ করেন, ভাবি লাইজুকে বেধড়ক মারধর ও শ্লীলতাহানি করা হয়েছে। তিনি জানান, লাইজুর মাথায় অন্তত ১০টি সেলাই দিতে হয়েছে।

অভিযুক্ত আ. হালিম খান শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার করে বলেন, শিশুকে চড় দেওয়ার কারণ জানতে চাইলে উল্টো তার পরিবারের ৩-৪ জনকে মারধর করা হয়।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন জানান, উভয় পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হব।