গাজায় ভারি বৃষ্টিপাতের কারণে একদিনে ১০ জন মারা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানোম গেব্রেয়েসুসের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় টিআরটি ওয়ার্ল্ড।
শনিবার (১৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ডব্লিউএইচও মহাপরিচালক সতর্ক করে বলেন, খোলা পরিবেশে বসবাস, অপর্যাপ্ত পানি ও স্যানিটেশন ব্যবস্থা এবং অতিরিক্ত জনঘনত্বের কারণে তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ, বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস ও ডায়রিয়াজনিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
তিনি জানান, গাজায় পরীক্ষাগার সংক্রান্ত রাসায়নিক উপকরণ ও রোগ নির্ণয় যন্ত্রপাতি পাঠাতে ডব্লিউএইচও এখনো বড় ধরনের বাধার মুখে পড়ছে। এছাড়া ইসরায়েল অনেক জরুরি সরঞ্জামকে ‘দ্বৈত ব্যবহারযোগ্য’ (ডুয়াল-ইউজ) পণ্য হিসেবে চিহ্নিত করে প্রবেশের অনুমতি দিচ্ছে না।
টেড্রোস জরুরি ভিত্তিতে এসব অপরিহার্য সামগ্রী গাজায় প্রবেশের আহ্বান জানিয়ে বলেন, রোগের প্রাদুর্ভাব দ্রুত শনাক্ত করা, কার্যকর প্রতিক্রিয়া জানানো এবং আক্রান্তদের চিকিৎসার জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাস থেকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া এ সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজারেরও বেশি মানুষ।