দীর্ঘদিনের বিভেদ ভুলে মুন্সীগঞ্জ-১ আসনের দলীয় প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর প্রতি সমর্থন ঘোষণা করেছেন জেলার সিরাজদীখান উপজেলা বিএনপির সাবেক নেতৃবৃন্দ।
সোমবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার কুসুমপুর গ্রামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরনের নেতৃত্বে তারা সমর্থন জানান।
এর মাধ্যমে প্রায় সাত বছর ধরে চলা শেখ মো. আব্দুল্লাহ ও আব্দুল কুদ্দুস ধীরনের গ্রুপের দ্বন্দ্বের অবসান হলো। সাবেক নেতৃবৃন্দের মধ্যে ছিলেন- জেলা বিএনপির সাবেক সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন আলতু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলী আনসার মোল্লা, সাবেক যুগ্ম সম্পাদক শাহ আলম, আজিজুল হক খান, সাবেক সদস্য মাহবুব হোসেন রন্টু, বিভিন্ন ইউনিয়নের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন বক্তৃতায় বলেন, ‘মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের মধ্যে হতাশা ও অসন্তোষ ছিল। তবে কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা এবং দলীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
বিএনপি প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ জানান, ‘সবাইকে সঙ্গে নিয়েই নির্বাচনী লড়াইয়ে এগোব। ঐক্যবদ্ধ বিএনপিই বিজয়ের নিশ্চয়তা দিতে পারে।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সহ-সভাপতি মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম সিদ্দিক মোল্লা, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও যুবদলের প্রতিনিধি।