সিইসির কাছে ব্যাখ্যা চান জামায়াত আমির, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় দেশের মানুষ যেখানে সমব্যথী সেখানে সিইসির বক্তব্যে আমরা ক্ষুব্ধ। তাকে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, একজন বিপ্লবী আহত হবে, তারপর সরকার নড়েচড়ে বসবে—এমন সরকার আমরা চাই না। এ ঘটনার জন্য ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ৫৪ বছর জাতির ভাগ্য চোরাবালিতে হারিয়ে গিয়েছিল। অভ্যুত্থানের ঐক্যকে আঁকড়ে ধরে এবার সামনে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছে। জামায়াত ক্ষমতায় গেলে সব দলকে সরকারে নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে গড়ে তোলা হবে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন মন্তব্য করেন ওসমান হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে। এ সময় তিনি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অবনতি হয়নি বলেও দাবি করেন।