জাতীয় স্টেডিয়ামে হচ্ছে না মোহামেডান-বসুন্ধরা ম্যাচ

মঙ্গলবার মুখোমুখি হওয়ার কথা ছিল দুই পরাশক্তি বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের। ফেডারেশন কাপের ম্যাচটি হওয়ার কথা ছিল ঢাকা জাতীয় স্টেডিয়ামে। তবে দর্শকশূণ্য স্টেডিয়ামে খেলতে মোহামেডান রাজি না হওয়ায় আজ ম্যাচটি হচ্ছে না। সুবাদে হোম অব ফুটবলে ঘরোয়া ফুটবল ফেরার অপেক্ষাটা বাড়লো।

এই ম্যাচ দিয়ে এ মাঠে ফেরার কথা ছিল ঘরোয়া ফুটবল। ম্যাচটি আগামী সপ্তাহে ফিরবে পূর্ব নির্ধারিত ভেন্যু কুমিল্লায়।

বিজয় দিবসের কারণে কুমিল্লার জেলা প্রশাসন শহীদ ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আয়োজন করবে কুচকাওয়াজ। তাই ম্যাচটি ঢাকায় আনার পরিকল্পনা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে বিজয় দিবসের কারণেই মাঠের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত পুলিশ পাওয়া যাবে না বলে ম্যাচটি দর্শকশূণ্য আয়োজনের সিদ্ধান্ত নেয় বাফুফে। তাতেই বেঁকে বসে মোহামেডান।

বাংলাদেশ ফুটবল লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে তারা বসুন্ধরা কিংস অ্যারেনায় গিয়ে হেরেছে ২-০ ব্যবধানে। তাই জাতীয় স্টেডিয়ামে তারা চেয়েছিল দর্শকের প্রবেশাধিকার। নিরাপত্তার বিষয় থাকলে ম্যাচটি অন্য যে কোন দিন আয়োজনের দাবিও জানায় মোহামেডান। এ সংক্রান্ত চিঠি সোমবার বাফুফেকে দেয়। বাফুফের পক্ষ থেকে দুই দলের সঙ্গেই আলোচনা হয় ম্যাচ নিয়ে। দু'পক্ষই দর্শকবিহীন মাঠে খেলতে রাজি না হওয়ায় বাফুফে ম্যাচ বাতিল করে ২৩ ডিসেম্বর কুমিল্লাতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

তবে আগামীকাল মঙ্গলবার কিংস অ্যারেনায় ফেডারেশনের অপর ম্যাচটি ঠিকই অনুষ্ঠিত হবে। যেখানে মুখোমুখি হবে ফর্টিস এফসি ও আরামবাগ ক্রীড়া সংঘ।