মেসিকে ভারতের টি–টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ দেখার আমন্ত্রণ জয় শাহর

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম

লিওনেল মেসিকে টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতের একটি ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়েছেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। বিকেলে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজিত ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচের একটি টিকিট দেয়া হয় মেসিকে। 

এই সাক্ষাতে মেসি, বন্ধু লুইস সুয়ারেজ ও রড্রিগো ডি পলকে ভারত ক্রিকেট দলের জার্সি উপহার দেন জয় শাহ। ক্রিকেট ও ফুটবল—বিশ্বের দুই প্রভাবশালী খেলাকে এক সুতোয় গাঁথার প্রতীক হিসেবেই এই উপহারকে দেখা হচ্ছে। পাশাপাশি মেসিকে একটি বিশেষভাবে স্বাক্ষরিত ক্রিকেট ব্যাটও উপহার দেওয়া হয়, যা ভারতের ক্রিকেট ঐতিহ্য ও ফুটবল ইতিহাসের অন্যতম সেরার সম্মানকে একত্র করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং দিল্লি ও জেলা ক্রিকেট সংস্থার (ডিডিসিএ) সভাপতি রোহান জেটলি। 

মেসি এসময় বলেন, “এই যে এত ভালোবাসা আমরা সঙ্গে করে নিয়ে যাচ্ছি—আমরা অবশ্যই আবার ফিরব। হয়তো একদিন কোনো ম্যাচ খেলতে, অথবা অন্য কোনো উপলক্ষে, কিন্তু আমরা নিশ্চিতভাবেই আবার ভারতে আসব। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভারতে এই কদিনে যে ভালোবাসা ও স্নেহ পেয়েছি, তার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের জন্য এটি ছিল সত্যিই অসাধারণ ও স্মরণীয় এক অভিজ্ঞতা।”

ভারত সফরের শেষ ভাগে বিকেলে মুম্বাই থেকে দিল্লিতে নেমে মেসি মিনার্ভা অ্যাকাডেমির খুদে ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের সঙ্গে কথা বলেন ও ছবি তোলেন। এরপর স্টেডিয়াম পরিদর্শনের সময় দর্শকদের মাঝে ফুটবল উপহার দিয়ে উচ্ছ্বাস ছড়ান, যা পেতে গ্যালারিতে দেখা যায় হুড়োহুড়ি। পরে তরুণদের সঙ্গে আবার রন্ডো খেলায় অংশ নেন মেসি ও তাঁর সঙ্গীরা এবং আরও কিছু ছবি তোলা হয়।

শিশুদের ফুটবল খেলেন লিওনেল মেসি। ছবি- এএফপি

এই সফরে মেসি ভারতের সাবেক আন্তর্জাতিক ফুটবলার ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের প্রাক্তন গোলরক্ষক আদিতি চৌহানের সঙ্গেও সাক্ষাৎ করেন। দিল্লি পর্বের মধ্য দিয়েই শেষ হয় মেসির ভারত সফর, এর আগে তিনি কলকাতা, হায়দরাবাদ ও মুম্বাই ঘুরেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত