সুনামগঞ্জে মহান বিজয় দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জে মহান বিজয় দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, র‍্যালি, সংবর্ধনা সভা ও বিশেষ খাবার পরিবেশনের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার ও কালেক্টরেট ভবনের সামনে স্থাপিত শহীদ স্মৃতিসৌধে পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, জেলা জাতীয়তাবাদী দল বিএনপি, জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। একই সঙ্গে সরকারি শিশু পরিবার, সুনামগঞ্জ কারাগার ও জেলা সদর হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এসব কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদল ও কৃষকদলের যৌথ উদ্যোগে সকালে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি সুনামগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

র‍্যালিতে নেতৃত্ব দেন সুনামগঞ্জ সদর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।