অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে মর্মান্তিক গুলিবর্ষণের ঘটনায় নিহতদের স্মরণে অ্যাডিলেড অ্যাশেজ টেস্টে কালো আর্মব্যান্ড পরে খেলবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড—দুই দলই। বুধবার থেকে শুরু হতে যাওয়া তৃতীয় অ্যাশেজ টেস্টের প্রথম দিনের খেলায় অ্যাডিলেড ওভালে অর্ধনমিত রাখা হবে জাতীয় পতাকা। ‘ওয়েলকাম টু কান্ট্রি’ ও জাতীয় সংগীতের আগে পালন করা হবে এক মিনিটের নীরবতা।
রোববার রাতে ইহুদি ধর্মীয় উৎসব হনুক্কার প্রথম রাতে সিডনির পূর্ব উপকূলে ভিড়ের মধ্যে বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারান ১৫ জন। আহত হন আরও অনেকে। এই ট্র্যাজেডির প্রেক্ষিতে শ্রদ্ধা নিবেদন হিসেবে প্রথম দিনের উদ্বোধনী পর্বে অস্ট্রেলিয়ান লোকসংগীতশিল্পী জন উইলিয়ামসন ‘ট্রু ব্লু’ গানটি পরিবেশন করবেন।
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স—যিনি বন্ডাইয়ের কাছাকাছি ব্রন্টে বিচ এলাকায় বসবাস করেন—ঘটনার খবরে গভীরভাবে বিচলিত হওয়ার কথা জানান। চোট কাটিয়ে দলে ফেরা কামিন্স শেষ দিনের অনুশীলন শেষে বলেন, “ঘটনাগুলো দেখা ভীষণই হৃদয়বিদারক ছিল। সংবাদে দেখে আমরা স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এমন ঘটনা জীবনের বাস্তবতা নতুন করে সামনে আনে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সবার প্রতি আমাদের হৃদয়ের সহমর্মিতা।”
ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসও একই অনুভূতির কথা জানান। তিনি বলেন, “অ্যাডিলেডের হোটেলে টিম রুমে আমরা খবরটি দেখছিলাম—পুরো ঘরে নীরবতা নেমে আসে। এটি অস্ট্রেলিয়া, সিডনি এবং পুরো বিশ্বের জন্যই ভীষণ দুঃখজনক। আমরা পুরো টেস্টজুড়েই কালো আর্মব্যান্ড পরে নিহতদের স্মরণ করব।”
রবিবারের ঘটনার প্রেক্ষিতে তৃতীয় টেস্টে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। প্রথম তিন দিনের টিকিট বিক্রি শেষ হওয়া এই ম্যাচে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অ্যাডিলেড ওভালে বাড়তি প্রোটোকল কার্যকর থাকবে বলে জানান তিনি।