মেসি-কাণ্ডে এবার ঝেড়ে কাশলেন শুভশ্রী

স্বামী পরিচালক রাজ চক্রবর্তীর পর এবার মেসি-কাণ্ডে মুখ খুললেন স্ত্রী টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। তিনি পুরো ঘটনা খোলাসা করে বলেন, ‘অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি বাইপাসের হোটেলে গিয়েছিলাম। আমাদের ইন্ডাস্ট্রি থেকে আমি আর কৌশিক গাঙ্গুলি ছিলেন। বিভিন্ন সংস্থা থেকে অনেকেই ছিলেন, কেউ শিল্পপতি, কেউ সাংবাদিক, কেউ আমলা। আমি সাড়ে আটটা নাগাদ পৌঁছই। ১০টা নাগাদ আমার মেসির সঙ্গে দেখা হয়। আমি ছবি তুলি। যখন আমি বেরিয়ে আসছি তখন আমাকে অনুরোধ করা হয়, যদি আমি যুবভারতীতে যাই তবে ওদের জন্য খুব সুবিধে হয়, কারণ ওখানেও নানা ধরনের অনুষ্ঠান ছিল। শুধু আমি নয়, ওখানে থাকার কথা ছিল সৌরভ গাঙ্গুলি, বলিউড তারকা শাহরুখ খান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠছে, আমাদের ইন্ডাস্ট্রি থেকে শুধু আমাকেই কেন ডাকা হচ্ছে? এর উত্তরটা তাদের পিআর টিম থেকে ভালো দিতে পারবে।’ 

অভিনেত্রী বলেন, ‘এরই মধ্যে আমার পিআর টিম থেকে আমার ইনস্টাগ্রাম থেকে ছবিগুলো পোস্ট করা হয়। আমরা খেয়াল করিনি যে ছবিগুলো পোস্ট হয়নি, কারণ ওখানে জ্যামার লাগানো ছিল। সাড়ে এগারোটা নাগাদ মেসি ঢোকেন, ঢোকার পর যা হয়েছে তা আমি নিজের চোখে দেখেছি। মাঠে ঢুকে আমি নিজে ওঁকে দেখতে পারছিলাম না, আপনারা কী করে দেখবেন? এরপর ঝামেলা শুরু হল, আমার একটা শুটিংয়ে যাওয়ার কথা ছিল। আমার দেরি হয়ে গিয়েছিল, আমি ওখান থেকে বেরিয়ে যাই, গাড়িতে উঠি, বানতলায় শুট, ফোন দেখার সময় পাইনি। অনেকক্ষণ পর যখন আমি ইনস্টাগ্রাম খুলি তখন দেখি আমার ছবিটা কিছুক্ষণ আগে শেয়ার হয়েছে।’ 

শুভশ্রী আরও বলেন, এরপর শুরু হলো ট্রোলিং। আমাকে প্রোপাগান্ডা বানিয়ে এমন একটা শুরু হল যেন মেসি যখন মাঠে ঢুকেছে তখন আমি তাকে ঘিরে দাঁড়িয়েছিলাম একা! আমি তার সঙ্গে একা সেলফি তুলছিলাম? আমি কি মাঠে কোথাও ছিলাম? আমার কী দোষ? আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে আমি হায়াতে গিয়ে ছবি তুলেছি সেটা দোষ? যা হয়েছে একই অন্যায় তো আমার সঙ্গেও হচ্ছে! আমি একজন নারী বলে আমাকে যা খুশি বলা যায়? বলিউডের তো কারিনা কাপুর গিয়েছিলেন, হায়াতে শাহরুখ খান কি আসেননি ছবি তুলতে? একটা রাজনৈতিক রঙ লাগানো হচ্ছে। আমাকে দেগে দেওয়া হচ্ছে টিএমসি বিধায়কের স্ত্রী, ওমুক নেতার  প্রাক্তন প্রেমিকা! এটা ২০২৫! একজন নারী হয়ে আর একজন নারীকে এমনটা বলছেন? আর আমাকে নিয়ে বলছিলেন তাও সই, কিন্তু আমার দু'টো বাচ্চাকেও তো ছাড়া হচ্ছে না। তাদের বলা হচ্ছে, মেরে ফেলা হবে। মা হিসেবে সেটা তো আমি মেনে নেব না। আবার জানতে চাই, আমি কি মাঠে কোথাও ছিলাম? আপনাদের ভিশন কি আমি ব্লক করেছি? এভাবে নিজেদের মানবিকতা হারিয়ে ফেলবেন না। ওরা কিন্তু এদের সঙ্গে যুক্ত ছিল না!’