বাংলাদেশ আনসারের ঘরে জোড়া ট্রফি

পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে চার দিনব্যাপী ‘মহান বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা (পুরুষ ও নারী)-২০২৫’-এর পর্দা নামল গতকাল। জমকালো ফাইনালের মধ্য দিয়ে শেষ হওয়া এই প্রতিযোগিতায় নারী বিভাগে রেকর্ড ষষ্ঠবারের মতো শিরোপার পাশাপাশি পুরুষ বিভাগে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ আনসার।

শিরোপা ধরে রাখার লক্ষ্যে গতকাল দুপুর ১২টায় অনুষ্ঠিত নারী বিভাগের ফাইনালে বাংলাদেশ আনসার মুখোমুখি হয় বাংলাদেশ পুলিশের। ম্যাচে প্রথমার্ধ শেষে আনসার এগিয়ে ছিল ১৮-১২ গোলে। দ্বিতীয়ার্ধেও একই ধারাবাহিকতায় খেলতে থাকে আনসারের নারী দল। শেষ পর্যন্ত ৩৪-২৫ গোলের জয় নিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো শিরোপার স্বাদ পায় সার্ভিসেস দলটি।

আনসারের পক্ষে ইশমেতারা নিশি সর্বোচ্চ ৯টি গোল করেন। অপরদিকে ম্যাচের সর্বোচ্চ ১৩ গোল আসে পুলিশের রুবিনার কাছ থেকে। পুরো প্রতিযোগিতা জুড়ে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে বাংলাদেশ আনসারের ১০ নম্বর জার্সিধারী আলপনা আক্তার নারী বিভাগের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন।

পুরুষ বিভাগে ফাইনালে মুখোমুখি হয় বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ আনসার। বিগত ৪টি বিজয় দিবস প্রতিযোগিতায় রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকলেও এবার চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে আনসারের পুরুষ দল। পেন্ডুলামের মতো দুলতে থাকা খেলায় কখনো আনসার আবার কখনো বিজিবি এগিয়ে যায়। প্রথমার্ধ শেষে স্কোর দাঁড়ায় ১৩-১৩। দ্বিতীয়ার্ধও সেই হাড্ডাহাড্ডি লড়াই। খেলার শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছিল না কার হাতে শিরোপা উঠতে যাচ্ছে। শেষ পর্যন্ত মাত্র ১ গোলের ব্যবধানে শিরোপা উঠে আনসারের ঘরে। ২৭-২৬ গোলের জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো ডাবল ট্রফি জয়ের কৃতিত্ব দেখাল বাংলাদেশ আনসার।

ফাইনাল খেলা শেষে প্রতিযোগিতার পুরুষ ও নারী বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সম্মানিত মহাসচিব জোবায়েদুর রহমান।