দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে টানা এক সপ্তাহ ধরে বয়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। শুরু হয়েছে কনকনে শীত। একই সঙ্গে এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এই উপজেলাতেই রেকর্ড হচ্ছে। আজ সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এ তথ্য পাওয়া যায়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭১ শতাংশ।
এর আগে মঙ্গলবার সকালেও ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সেদিন বাতাসের আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯ থেকে ১০ কিলোমিটার। ওই দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত ১১ ডিসেম্বর থেকে তেঁতুলিয়ায় টানা মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে।