ইতালির বিশ্বকাপ পরিকল্পনায় নেই বিশ্বকাপে তোলার নায়ক বার্নস!

আগামী বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহন করতে যাচ্ছে ফুটবলের দেশ ইতালি। কিন্তু ইতালিকে বিশ্বকাপে তোলার অন্যতম প্রধান কারিগর জো বার্নসকেই বাদ দেওয়া হলো বিশ্বকাপ পরিকল্পনা থেকে! সাবেক অস্ট্রেলীয় ওপেনারকে নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছে।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এর আগে গত আঠারো মাসে ইতালির বিশ্বকাপ বাছাইপর্বে অভাবনীয় সাফল্যের পেছনে নেতৃত্ব দেন বার্নস। ইউরোপীয় আঞ্চলিক বাছাইপর্বে গার্নসি ও স্কটল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ইতালি। সেই অভিযানের নেতৃত্বেই ছিলেন তিনি।

তবে ইতালিয়ান ক্রিকেট ফেডারেশন জানিয়েছে, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ ও পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ব্যাটসম্যান ওয়েন ম্যাডসেন। ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, দলের স্থিতিশীলতা, ঐক্য এবং দীর্ঘমেয়াদি ধারাবাহিকতা নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সংশ্লিষ্ট সূত্রের মতে বিষয়টি আরও গভীর এবং কয়েক মাস ধরেই অস্বস্তি চলছিল।

ব্যক্তিগত কষ্ট থেকে অস্ট্রেলিয়া ছেড়ে ইতালির হয়ে খেলার সিদ্ধান্ত নেন বার্নস। ২০২৪ সালের শুরুতে ভাইয়ের মৃত্যু তাকে গভীরভাবে নাড়া দেয়। মায়ের জন্মস্থান সূত্রে তিনি ইতালির হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন এবং বছরের শেষ দিকে অধিনায়কত্ব পান। ভাইয়ের স্মরণে তার জার্সি নম্বর ছিল ৮৫। ইতালির হয়ে ৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা বার্নস ৪৫ এর বেশি গড় এবং ১৪০ এর বেশি স্ট্রাইকরেটে ব্যাট করেছেন। আছে একটি করে সেঞ্চুরি ও ফিফটি।

ইতালি ক্রিকেটের পারফরম্যান্স প্রধান মার্কো মাস্ত্রোরোক্কো এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে বলেন, বার্নস ইতালিয়ান ক্রিকেটে অসাধারণ প্রভাব রেখেছেন এবং তিনি একজন উচ্চমানের পেশাদার ক্রিকেটার। যদিও ফেডারেশন এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে। তারা আনুষ্ঠানিকভাবে বার্নসের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং তার সময়কালকে ইতালিয়ান জাতীয় দলের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেছে।