ঢুশ কান্ডের স্মৃতি ফিরিয়ে ইতালির মুখোমুখি অন্য জিদান

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পিএম

২০০৬ সালের বিশ্বকাপ ফাইনালের অতিরিক্ত সময়ে মার্কো মাতেরাজ্জির বুকে জিনেদিন জিদানের সেই বিখ্যাত হেডবাট এবং লাল কার্ড দেখে ফরাসি জাদুকরের মাঠ ছাড়ার দৃশ্য আজও ফুটবলপ্রেমীদের মনে টাটকা। ঠিক দুই দশক পর ফের ইতালির মুখোমুখি জিদান, তবে এবার খেলোয়াড় হিসেবে নয়, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে।

চলতি বছরের জুলাইয়ের শেষ দিকে দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হয়ে ফরাসি জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেন জিদান। কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঘরের মাঠে নিজের প্রথম ম্যাচে প্রতিপক্ষ হিসেবে সেই চিরপ্রতিদ্বন্দ্বী ইতালিকে পাচ্ছে তার দল।

সেই ম্যাচটির আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ২০০৬ সালের সেই ফাইনালের স্মৃতি নিয়ে কথা বলেন ৫৪ বছর বয়সী এই ফরাসি কিংবদন্তি। সংবাদ সম্মেলনে অতীতের সেই ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, জিদান বলেন, ‘ছবিগুলো সবসময়ই আমাকে সেটির কথা মনে করিয়ে দেয়, এগুলো বারবার দেখানো হয়।’ তবে নিজের দীর্ঘ ক্যারিয়ারের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কিন্তু সৌভাগ্যবশত সেটাই আমার জীবনের সব ছিল না এবং আরও সুন্দর কিছু ছবিও রয়েছে।’ 

ক্যারিয়ারের ওই বিতর্কিত সমাপ্তি নিয়ে তার মনে কোনো অনুশোচনা বা আফসোস নেই বলে পরিষ্কার জানিয়ে দিয়ে জিদান বলেন, ;এগুলো কোনো অনুশোচনা নয়। এটা আমার ক্যারিয়ারের একটা অংশ। যা ঘটেছে তাতে আমি গর্বিত নই, তবে আপনি সবসময় শুধু ভালো কাজই করতে পারবেন না।’

২০০৬ সালের বিশ্বকাপ ফাইনালের অতিরিক্ত সময়ে মার্কো মাতেরাজ্জির বুকে ঢূঁশো মারেন  জিদান, ছবি: সংগৃহীত

তিনি আরও যোগ করেন, ‘আমরা সবাই জীবনের এমন এক যাত্রায় আছি, যেখানে কখনো এমন কিছু করি যা সেরা হয় না। কিন্তু এখন কথা হলো সামনে কী আসছে তা নিয়ে।’

২০০৬ সালের ওই ফাইনালটিই ছিল তার খেলোয়াড়জীবনের শেষ ম্যাচ। সে সময় কোচ হওয়ার কোনো পরিকল্পনা না থাকায় সেই বিদায়লগ্নটি তার জন্য অত্যন্ত কঠিন ছিল বলে জানান তিনি। ফরাসি দলের ডাগআউটে নিজের ফেরা ও দায়িত্ব নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ, কারণ আমি জানতাম না যে আমি কোচ হতে যাচ্ছি। তাই আমার জন্য এটি ছিল শেষ, এবং আমি বলতে পারি বিষয়গুলো খুব, খুব কঠিন ছিল... আমি ফ্রান্স দলকে কোচিং করাতে ফিরে আসতে প্রস্তুত, আমি আমার সবটুকু দিতে চাই।’

এছাড়া ফাইনালের পর ইতালিয়ান ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জির সঙ্গে আর কোনো কথা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে জানান, ‘না, একেবারেই না।’

নতুন কোচের অধীনে ফ্রান্স ইতোমধ্যে ঘরের বাইরে তুরস্ক ও বেলজিয়ামের বিপক্ষে দুটি জয় তুলে নিয়েছে। প্যারিসের স্তাদে দ্য ফ্রান্সে উয়েফা নেশনস লিগের ম্যাচটি হতে যাচ্ছে জিদান অধ্যায়ে ঘরের মাঠে প্রথম ম্যাচ। ম্যাচটি নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়ে তিনি বলেন, ‘এটি একটি অত্যন্ত আবেগঘন মুহূর্ত... আমরা এই তৃতীয় ম্যাচের জন্য প্রস্তুত, আমরা ভালো প্রস্তুতি নিয়েছি, কোনো বিশেষ সমস্যা নেই। আমরা আমাদের সমর্থকদের সামনে জেতার চেষ্টা করব।’ 

তবে এই ম্যাচে ইনজুরির কারণে ফ্রান্সকে খেলতে হচ্ছে তাদের নিয়মিত অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই। তুরস্কের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পেয়ে তিনি রিয়াল মাদ্রিদে ফিরে গেছেন। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন উসমান দেম্বেলে। অন্যদিকে, কোচ রবার্তো মানচিনির অধীনে নতুন করে দল গুছিয়ে নেওয়ার প্রক্রিয়ায় রয়েছে ইতালিও।

সর্বশেষ সর্বাধিক পঠিত