কুমিল্লা-১ আসনে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোনয়নপত্র সংগ্রহের চতুর্থ দিনে আজ বুধবার তিনজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাসরীন আক্তার।

মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীরা হলেন- বিএনপি থেকে ড. খন্দকার মোশাররফ হোসেন ও ড. খন্দকার মারুফ হোসেন এবং জামায়াতের প্রার্থী মনিরুজ্জামান বাহালুল।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন আক্তারের কাছ থেকে বিএনপি মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নেতা মুক্তিযোদ্ধা আবুল হাসেম চেয়ারম্যান, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ, যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার ও সওগাত চৌধুরী পিটার, সদস্যসচিব ভিপি জাহাঙ্গীর আলম, পৌরসভা বিএনপির সভাপতি নুর মোহাম্মদ সেলিম এবং শরীফ চৌধুরী।

একই দিন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মনিরুজ্জামান বাহালুলের পক্ষে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের শূরা সদস্য খন্দকার মাওলানা আবুল বাশার, দাউদকান্দি উপজেলা নায়েবে আমির শরীফ মোহাম্মদ রোকনউদ্দিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোখলেসুর রহমানসহ জেলা ও উপজেলা জামায়াতের ছয়জন নেতা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরীন আক্তারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ ছাড়া বিএনপি থেকে আরও একটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মারুফ হোসেন। তিনি বিএনপি মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য। এ বিষয়ে তিনি বলেন, “আমি বিএনপি পরিবারের একজন। যেহেতু আমার বাবা শারীরিকভাবে কিছুটা অসুস্থ, তাই বিকল্প হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করে রেখেছি। তবে আমি স্বতন্ত্র প্রার্থী হব না।”