ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত সকল কর্মকর্তাদের পুনরায় চাকরিতে পুনর্বহালের দাবিতে চট্টগ্রামের চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া খাঁনহাট হাজী এনু মিয়া মার্কেটস্থ ইসলামী ব্যাংক (পিএলসি) চন্দনাইশ শাখার সামনে উপজেলার চাকরিচ্যুত ব্যাংকার পরিবার ও চন্দনাইশ পেশাজীবী ফোরামের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এরপর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন চাকরিচ্যুতরা।
চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা আবু রায়হান ফয়সালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি এম. আইনুল কবির, ইসলামী ফ্রন্ট নেতা আলমগীর ইসলাম বঈদী, চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা মো. আনিসুল ইসলাম, সৈয়দ নাজমুস সাকিব, আবু রেহান ফয়সাল, মো. খোরশেদুল আলম, রায়হান, সেলিম উদ্দিন, ইকবাল হোসেন, সাইফ এনাম, আনোয়ার হোসাইন, মো. সোলাইমান।
বক্তারা বলেন, ৫ আগস্টের পর হঠাৎ ব্যাংক থেকে আমাদের নোটিশ ছাড়া চ্যকরিচ্যুত করে যা অত্যন্ত দুঃখজনক। আমরা সকল প্রকার বৈধ ডকুমেন্টের মাধ্যমে চাকরিতে যোগদান করি। বর্তমানে আমাদের সরকারি চাকরিতে আবেদন করার বয়স শেষ হয়ে গিয়েছে। তাই আমরা বেকার। পরিবার পরিজন নিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছি। পরিবারের মধ্যে চলছে অভাব অনটন, ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ যোগাতে হিমশিম খাচ্ছি, তাই চাকরি পুনর্বহাল করা প্রয়োজন।
মানববন্ধন চাকরিচ্যুত প্রায় ২০০ জনের অধিক ব্যাংকার উপস্থিত ছিলেন।