মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা শেখ মো. লুৎফর রহমান আর নেই। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে, টঙ্গীবাড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী শান্ত। তিনি জানান, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে তার বাবা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বাদ এশা মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতনের দিন থেকে তিনি এলাকায় অনুপস্থিত ছিলেন।
শেখ মো. লুৎফর রহমান ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন মুন্সীগঞ্জ- ৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী এম. শামসুল ইসলামের কাছে পরাজিত হন।