মুন্সীগঞ্জে টাকাভর্তি ব্যাগ ফিরিয়ে দিলেন অটোরিকশা চালক শরীফ

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৫:২২ পিএম
মুন্সীগঞ্জে অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়েও প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত দেখিয়েছে চালক মো. শরীফ ইসলাম।
 
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে  পুলিশের সহযোগিতায় ব্যাগটি ফেরত দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
 
এদিন সকাল ৯ টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া মোড়ে অটোরিকশা থেকে নামার সময় অসাবধানতাবশত টাকাসহ ব্যাগ ফেলে যান টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল গ্রামের বাসিন্দা মিলন বালা।
 
পরে ব্যাগটি দেখতে পেয়ে মালিককে খুঁজতে থাকেন শরীফ। সন্ধান না পেয়ে তিনি মুক্তারপুরে ট্রাফিকের দায়িত্বে থাকা সহকারী ট্রাফিক উপপরিদর্শক (এটিএসআই) হাবিবুর রহমানকে বিষয়টি জানান। পরে জেলা পুলিশের সহায়তায় ব্যাগের প্রকৃত মালিককে শনাক্ত করা হয়।
 
প্রয়োজনীয় প্রমাণ যাচাই শেষে প্রকৃত মালিক মিলন বালার হাতে টাকাসহ ব্যাগটি বুঝিয়ে দেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।
 
হারানো ব্যাগ অক্ষত অবস্থায় ফিরে পেয়ে অটোরিকশা চালক শরীফ ইসলাম ও ট্রাফিক পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মিলন বালা। তবে ব্যাগে কত টাকা ছিল সে বিষয়ে বিস্তারিত জানাননি পুলিশ।
সর্বশেষ সর্বাধিক পঠিত