গোবিন্দগঞ্জে ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের সামনে থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ১২টার দিকে উপজেলার কোমরপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে গ্রামীণ ব্যাংক কোমরপুর পলাশবাড়ী শাখার প্রধান ফটকের সামনে ককটেলগুলো পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে থানা পুলিশ ও র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব) ঘটনাস্থলে পৌঁছায়। পরে র‍‍্যাব- ১৩ রংপুর ব্যাটালিয়ন সদর দপ্তরের বোমা নিষ্ক্রিয়কারী দলের সিনিয়র এএসপি তরিকুল ইসলামের তত্ত্বাবধানে ডিএডি শামসুল হুদা ও সার্জেন্ট আব্দুল বারী ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে যান।

এ ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, উদ্ধার করা ককটেলগুলো থানার নিরাপদ স্থানে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে সেগুলো নিষ্ক্রিয় করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। পাশাপাশি ব্যাংকসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।