হাতিয়ায় পৌর আ. লীগ ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার

নোয়াখালীর হাতিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সালাউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার রাতে হাতিয়া পৌরসভার চৌমুহনী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. সালাউদ্দিন (৫৪) হাতিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুল্যাখালি গ্রামের মৃত নুরুল হকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সালাউদ্দিন হাতিয়া- ৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হাতিয়া থানায় একাধিক মামলা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে লোকজন জড়ো করার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, সালাউদ্দিনকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে। সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাতিয়ায় ‘ডেভিল হান্ট ফেজ- ২’ অপারেশন চলমান রয়েছে।