বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে গোপায়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।
এ সময় কৃষিসংশ্লিষ্ট নানা রঙিন ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়।
উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি.কে. গউছ, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফদার তনু, বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা মুখলিছুর রহমান, সেক্রেটারি কাজী মহসিন আহমেদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শামসুল হুদা, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা একসঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বলেন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার মাধ্যমে হবিগঞ্জসহ হাওরাঞ্চলের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উপস্থিত সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, ২০২০ সালের ১৭ ডিসেম্বর কৃষি শিক্ষা ও গবেষণার উন্নয়নের লক্ষ্যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির চারটি অনুষদে অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষকবৃন্দ বিভিন্ন গবেষণা প্রকল্পে যুক্ত রয়েছেন। সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে চারটি অনুষদের ২৩ জন শিক্ষক গবেষণা ও উন্নয়ন প্রকল্পে অনুদান পেয়েছেন। শিক্ষার্থী ও শিক্ষকদের গবেষণার জন্য আধুনিক ল্যাব, উন্নত গবেষণা সরঞ্জাম এবং জার্ম প্লাজম সেন্টার স্থাপন করা হয়েছে।