হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া চৌধুরী বাড়ির কৃতি সন্তান রাবাব ফাতিমা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য নতুন গৌরব বয়ে এনেছেন। জাতিসংঘের মহাসচিব তাকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর প্রধান এবং আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছেন।
বর্তমানে রাবাব ফাতিমা জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। কূটনীতি, মানবিক সহায়তা, শান্তিরক্ষা, নারী নেতৃত্ব এবং আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
১৯৯০-এর দশকে বাংলাদেশ পররাষ্ট্র ক্যাডারে যোগ দেওয়া রাবাব ফাতিমা দীর্ঘ কর্মজীবনে জাপান, চীন, ভারত এবং জাতিসংঘে গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেন। দক্ষ, বিচক্ষণ ও অভিজ্ঞ কূটনীতিক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তিনি সুপরিচিত।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি থাকাকালে তিনি টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট, নারী ক্ষমতায়ন এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের অবস্থান দৃঢ়তার সঙ্গে তুলে ধরেন। পরে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল হিসেবে উন্নয়ন ও স্বল্পোন্নত দেশ-সংক্রান্ত বিভিন্ন দায়িত্ব পালন করেন।
নতুন দায়িত্বে তিনি আফগানিস্তানে জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রম, শান্তি প্রতিষ্ঠা, রাজনৈতিক সংলাপ এবং উন্নয়ন উদ্যোগে নেতৃত্ব দেবেন। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এ নিয়োগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
রাবাব ফাতিমার এই অর্জনে মাধবপুরবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, তার এই সাফল্য শুধু মাধবপুর বা হবিগঞ্জ নয়, সমগ্র বাংলাদেশের জন্য গর্বের বিষয়। তরুণ প্রজন্মের জন্যও এটি অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
রাবাব ফাতিমার চাচাতো ভাই, মাধবপুর উপজেলা বিএনপির নেতা সুমন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের পরিবারের জন্য এটি অত্যন্ত গর্বের। মাধবপুরের সন্তান আজ বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। আমরা তার সাফল্য কামনা করি এবং বিশ্বাস করি তিনি দক্ষতার সঙ্গে এ দায়িত্ব পালন করবেন।
ঢাবিতে অপরাজনীতি ফিরে আসতে দেওয়া হবে না: সাদিক কায়েম