মুন্সীগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সজল মোল্লা (২৮) হত্যা মামলায় গ্রেপ্তারের পর সাবেক পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা আনোয়ার হোসেনকে (৬২) কারাগারে প্রেরণ করা হয়েছে।
বুধবার রিমান্ড আবেদন করে শহর যুবলীগের সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক আনোয়ার হোসেনকে মুন্সীগঞ্জ আমলী আদালত-১ এ হাজির করে পুলিশ। এসময় আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. আশীকুর রহমান আগামী মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে শহরের দেওভোগ বাজার থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দেওভোগ বাজারে অভিযান চালায় পুলিশ। এসময় সাবেক পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা আনোয়ারকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
গ্রেপ্তারকৃত সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা ২০২৪ সালের ৪ আগস্ট জেলা শহরের কৃষিব্যাংক মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সজল মোল্লা হত্যা মামলার এজাহার নামীয় আসামি। রিমান্ড চেয়ে তাকে বুধবার আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ দেন