জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কারণে যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব ছেড়েছেন জুলাই যোদ্ধা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নির্বাচনের তফসিল ঘোষণার পর স্বল্প সময়ের জন্য এ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনি ক্রীড়াঙ্গনে নিজের অগ্রাধিকার ও পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন।
বুধবার জাতীয় ক্রীড়া পরিষদে বিভিন্ন ফেডারেশনের সঙ্গে মতবিনিময় সভায় আসিফ নজরুল জানান, তাঁর স্বল্পমেয়াদি পরিকল্পনার মূল কেন্দ্রে থাকবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। তিনি বিকেএসপিতে একটি হাই পারফরম্যান্স ট্রেনিং সেন্টার গড়ে তোলার উদ্যোগ নিতে চান, যাতে শিক্ষা জীবন শেষের পর ক্রীড়াবিদরা অনিশ্চিত জীবনের মুখে না পড়েন।
পদাধিকার বলে জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়া আসিফ নজরুল নিজেকে একজন ক্রীড়ানুরাগী হিসেবেও তুলে ধরেন। মতবিনিময় সভায় তিনি বলেন, শুধু আন্তর্জাতিক সাফল্য বা সম্ভাবনাময় খেলাকেই নয়, জনপ্রিয় হলেও যেসব খেলা পিছিয়ে আছে সেগুলোকেও সমান গুরুত্ব দিতে হবে। খেলাধুলায় এলিটিজম চলতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
ফুটবল নিয়েও আলাদা করে কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। তিনি ফুটবলকে সারা দেশে আরও বিস্তৃত করার ওপর জোর দেন। সম্প্রতি বাফুফে আয়োজিত ৬৪ জেলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ধারাবাহিকতায় জেলা পর্যায়ে ১৬ দল নিয়ে একটি সুপার লিগ আয়োজনের প্রত্যাশা জানান। এ বিষয়ে দ্রুত প্রস্তাবনা দিতে বাফুফেকে তিন দিনের সময়ও বেঁধে দেন তিনি।
বিকেএসপি কেন্দ্রিক পরিকল্পনার অংশ হিসেবে শিগগিরই প্রতিষ্ঠানটি পরিদর্শনের কথা জানান আসিফ নজরুল। উন্নত প্রশিক্ষণ ব্যবস্থাপনা নিয়ে বিসিবির সঙ্গে সমন্বয়ের কথাও উঠে আসে সভায়। স্বল্প সময়ের দায়িত্বকাল হলেও পরিকল্পিতভাবে কাজ করে ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তনের ছাপ রাখতে চান বলে জানান ক্রীড়া উপদেষ্টা।