সিলেটে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ আ. লীগের ৫ নেতা গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর চলমান অভিযানে সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান জোরদার করা হয়েছে এবং বিভিন্ন মামলায় পলাতক আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে। গত মঙ্গলবার রাতে ও বুধবার দিনে পৃথক অভিযান চালিয়ে জেলার বিয়ানীবাজার, বিশ্বনাথ ও সদর উপজেলা থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল বাছিত, সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারা মিয়া, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহনুর হোসাইন, উপজেলার রামপাশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মনসুর আহমদ ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসাইন।

বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক জানান, কাজী আবদুল বাছিতের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তারকৃত ৩ জনের নামে থানায় মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

এ দিকে বুধবার ভোরে বিমানবন্দর থানা পুলিশের একটি দল খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারা মিয়াকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেন বিমানবন্দর থানার ওসি শাহ মো. মোবাশ্বির।