চট্টগ্রামের শীর্ষ ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন ও তার স্ত্রী শারমিন তামান্নাকে খুনের সাত মামলায় দেওয়া জামিন স্থগিত করেছেন উচ্চ আদালত।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৭ ডিসেম্বর) এই স্থগিতাদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বিষয়টি বুধবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি কৌঁসুলি রায়হানুল ওয়াজেদ চৌধুরী। তিনি জানান, সাজ্জাদ ও তার স্ত্রীর খুনের সাত মামলায় জামিন পান গত বছরের সেপ্টেম্বরে। গত সপ্তাহে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে জামিননামা আসার পর বিষয়টি জানাজানি হয়। এরপর রাষ্ট্রপক্ষ জামিন স্থগিতের জন্য আবেদন করেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তা মঞ্জুর করেন। আদালত সূত্র জানায়, জামিন হওয়া সাতটি খুনের মামলার মধ্যে চারটি নগরের চান্দগাঁও থানায় ও তিনটি পাঁচলাইশ থানায় হয়েছিল। বৈষম্যবিরোধী আন্দোলনে খুনের অভিযোগ ও বিস্ফোরক আইনে এসব মামলা করা হয়।
আদালত সূত্র আরও জানায়, সাজ্জাদ ১০টি হত্যাসহ মোট ১৯ মামলার আসামি। তার স্ত্রীর বিরুদ্ধেও একাধিক হত্যাসহ আটটি মামলা রয়েছে। গত সেপ্টেম্বরে সাতটি হত্যা মামলায় উচ্চ আদালত থেকে তারা দুজন জামিন পান। তবে ওই আদেশ চলতি সপ্তাহের শেষের দিকে চট্টগ্রামের আদালতে পৌঁছায়। সাজ্জাদের স্ত্রী শারমিন তামান্না বর্তমানে ফেনী কারাগারে রয়েছেন।