চট্টগ্রাম-৬ আসনের ছয়বারের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ঘুষ-দুর্নীতির মাধ্যমে ১১৪ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক নিজাম উদ্দিন রবিবার (১৩ জুলাই) বিকেলে এ মামলা করেন।
দুদক চট্টগ্রামের উপপরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ফজলে করিম চৌধুরী ক্ষমতার অপব্যবহার করে ৫ কোটি ৯৪ লাখ ৯২ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তাঁর ১২টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনকভাবে ১০৮ কোটি ৬৪ লাখ ৮৫ হাজার টাকা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে দুর্নীতি প্রতিরোধ ও অর্থ পাচার প্রতিরোধ আইনে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে ফজলে করিম সংসদ সদস্য পদ হারান। সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। গত ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে ১৯ সেপ্টেম্বর তাকে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
তাকে আদালতে হাজির করা হলে বিক্ষুব্ধ জনতা তাঁর প্রিজন ভ্যানে ডিম ছুড়ে মারে। এরপর থেকে তাকে আদালতে হাজির না করে ভার্চ্যুয়াল শুনানির মাধ্যমে মামলার প্রক্রিয়া চলছে।
হাসপাতাল থেকে ছাড়া পেলেন মাহাথির মোহাম্মদ
নতুন কর্মসূচি ঘোষণা করল যুবদল