বিশ্বকাপে সর্বোচ্চ প্রাইজমানি, আবার চ্যাম্পিয়ন হলে ৫ কোটি ডলার পাবে আর্জেন্টিনা

২০২৬ ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড ৫০ মিলিয়ন মার্কিন ডলার প্রাইজমানি। ফিফা বুধবার এই তথ্য নিশ্চিত করেছে। ফলে শিরোপা ধরে রাখতে পারলে আর্জেন্টিনা আগের বিশ্বকাপের তুলনায় প্রায় ৮ মিলিয়ন ডলার বেশি অর্থ পাবে।

২০২২ কাতার বিশ্বকাপে লিওনেল মেসির নেতৃত্বে শিরোপা জয়ের পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন পেয়েছিল ৪২ মিলিয়ন ডলার। এবার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে সেই অঙ্ক বেড়ে দাঁড়াবে ৫০ মিলিয়ন ডলারে।

ফিফার ঘোষণায় জানানো হয়েছে, ২০২৬ বিশ্বকাপের মোট প্রাইজমানি তহবিল ৬৫৫ মিলিয়ন ডলার, যা আগের আসরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। ২০২২ বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে মোট ৪৪০ মিলিয়ন ডলার বিতরণ করা হয়েছিল।

এবারের বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো ৪৮ দল অংশ নেবে, যেখানে আগের আসরে দলসংখ্যা ছিল ৩২। দলসংখ্যা বাড়লেও প্রাইজমানি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।

ফিফা জানিয়েছে, রানার্সআপ দল পাবে ৩৩ মিলিয়ন ডলার। তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ২৯ মিলিয়ন ডলার, আর অপর সেমিফাইনালিস্ট পাবে ২৭ মিলিয়ন ডলার। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলো পাবে ৯ মিলিয়ন ডলার করে। পাশাপাশি অংশগ্রহণকারী ৪৮টি দলই প্রস্তুতি খরচ বাবদ অতিরিক্ত ১.৫ মিলিয়ন ডলার পাবে।

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপ শুরু হবে ১১ জুন এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই।