বেঞ্চের শক্তিতেই সেমিতে চেলসি

ইংলিশ লিগ কাপের কোয়ার্টার-ফাইনালে বেঞ্চ থেকে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন আলেহান্দ্রো গারনাচো ও পেদ্রো নেতো। গত মঙ্গলবার তৃতীয় স্তরের ক্লাব কার্ডিফ সিটির মাঠে ৩-১ গোলের জয়ে চেলসি উঠে গেছে সেমিফাইনালে।

দক্ষিণ ওয়েলসে সম্ভাব্য অঘটন এড়াতে শেষ পর্যন্ত প্রথম সারির তারকাদের ওপরই ভরসা করতে হয় কোচ এনজো মারোস্কাকে। কোয়ার্টার-ফাইনালের প্রথম ম্যাচে তিনি বেশিরভাগই দ্বিতীয় সারির একাদশ নামান। বিরতিতে দুই আক্রমণভাগের খেলোয়াড় বদলি নামান মারোস্কা তাদের একজন গারনাচো। ৫৭তম মিনিটে রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে নিচু শটে কর্নারে বল পাঠিয়ে চেলসিকে লিড এনে দেন তিনি।

৭৫তম মিনিটে ডেভিড টার্নবুলের গোলে সমতায় ফেরে কার্ডিফ। তবে ৭ মিনিট পরই পেদ্রো নেতোর ডিফ্লেক্টেড লো শটে আবার এগিয়ে যায় চেলসি। যোগ করা সময়ে গারনাচো নিজের দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন।

আগস্টে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আসা গারনাচো ম্যাচ শেষে বলেন, ‘কখনো শুরুতে খেলতে হয়, কখনো বেঞ্চ থেকে নেমে সাহায্য করতে হয়। আমরা এসব নিয়ে ভাবি না শুধু দলকে সাহায্য করার চেষ্টা করি।’

মারোস্কা বদলগুলোর প্রভাবের কথা স্বীকার করে বলেন, ‘বদল আনার পর বড় পার্থক্য তৈরি হয়েছে। দ্বিতীয়ার্ধে বলের ওপর নিয়ন্ত্রণ অনেক ভালো ছিল।’

এ জয়ের মাধ্যমে গত পাঁচ বছরে তৃতীয়বারের মতো লিগ কাপের সেমিফাইনালে উঠল চেলসি। ২০২৪ সালের গ্রীষ্মে মারোস্কার দায়িত্ব নেওয়ার পর থেকে এটি তাদের তৃতীয় কাপ সেমিফাইনাল। গত মৌসুমে তারা উয়েফা ইউরোপা কনফারেন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ জিতেছিল। গত সপ্তাহে সংবাদ সম্মেলনে মারোস্কা ক্লাবে নিজের সময়ের ‘সবচেয়ে খারাপ ৪৮ ঘণ্টা’র কথা বলেছিলেন এবং সমর্থনের ঘাটতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিস্তারিত না বলেই। সে সময় সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচ জয়হীন ছিল চেলসি। তবে এভারটনের বিপক্ষে ২-০ লিগ জয়ের পর এবার কাপ সেমিফাইনাল নিশ্চিত করে তারা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিল।

কোয়ার্টার-ফাইনালের বাকি ম্যাচ : গতকাল বুধবার ম্যানচেস্টার সিটি খেলবে ব্রেন্টফোর্ডের বিপক্ষে আর ফুলহাম সফরে যাবে বর্তমান চ্যাম্পিয়ন নিউক্যাসলের মাঠে। আগামী সপ্তাহে আর্সেনাল-ক্রিস্টাল প্যালেস ম্যাচ দিয়ে কোয়ার্টার-ফাইনাল পর্ব শেষ হবে।