আন্তর্জাতিক আসরের মধ্যেই শাটলাররা খেপ খেলছেন

শীতের মৌসুমে দেশের নানা প্রান্তে গুরুত্ব বেড়ে যায় জাতীয় পর্যায়ের শাটলারদের। খেপে তারা বিভিন্ন অঞ্চলে খেলে বেড়ান। সেটা তারা আন্তর্জাতিক টুর্নামেন্ট চলাবস্থায়ও জারি রাখবেন, তা হয়তো কেউ কল্পনা করেনি। হয়েছে তাই। ঢাকায় চলমান ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে পড়েছে মাত্রাতিরিক্ত খেপ খেলার নেতিবাচক প্রভাব। চোট আর খেপ খেলে ক্লান্তির প্রভাবে বিদেশিদের কাছে ধরাশায়ী হয়েছেন স্থানীয় শাটলাররা। একমাত্র গৌরব সিংহ ছাড়া একে একে বিদায় নিয়েছেন বাকি শাটলাররা। প্রথম রাউন্ডে জিতে সেরা ৩২-এ জায়গা করে নিয়েছেন গৌরব।

ক’দিন আগে বাইক দুর্ঘটনায় বাঁ-পায়ের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন র‌্যাংকিংয়ে এক নম্বর শাটলার আবদুস সোয়াদ। সেটা থেকে সেরে ওঠার আগেই ইনজেকশন নিয়ে খেপ খেলেছেন। যার প্রভাবে আন্তর্জাতিক আসরে বেহাল দশা তার, ভারতের প্রতিপক্ষের কাছে হেরেছেন সরাসরি ২-০ সেটে। এ ছাড়া প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন এসএসএম সিফাত উল্লাহ, চিং মং মারমারা। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আগের দিন খেপ খেলার কারণে ক্লান্ত ছিলেন তারা। তাই ঘরের মাঠে আন্তর্জাতিক আসরে ব্যর্থ হয়েছেন। আবদুস সোয়াদও স্বীকার করেছেন খেপ খেলার কথা। আর সেটা তারা খেলেন পেটের দায়েই, ‘আমাদের তো পেট চালাতে হবে। এখান থেকে তো মাসিক বেতন পাই না। তাই আউটডোরে খেলতে হয়। এই অর্থ দিয়ে আমাদের চলতে হয়। পরিবারকে চালাতে হয়।’

অন্যদের বিদায়ের মিছিলে বুধবার ব্যতিক্রম কেবল পাঁচ নম্বর র‌্যাংকিংধারী গৌরব সিংহ। অস্ট্রেলিয়ার প্রতিপক্ষকে হারিয়ে সেরা ৩২-এ জায়গা করে নিয়েছেন তিনি। পুস্কাল ইরু সুমাল্লাকে তিনি হারান ২১-১২ ও ২১-১২ পয়েন্টে।