ভেনেজুয়েলাকে ঘিরে উত্তেজনা তীব্র হওয়ার প্রেক্ষাপটে পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে চালানো সর্বশেষ মার্কিন হামলায় চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বুধবার (১৭ ডিসেম্বর) ইউএস সাউদার্ন কমান্ড (সাউথকম) এ হামলা চালায়। সাউথকম দাবি করেছে, ওই স্পিডবোটটি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল, তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।
এই হামলার ফলে গত সেপ্টেম্বর থেকে পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় অঞ্চলে নৌযানে চালানো মার্কিন অভিযানে নিহতের সংখ্যা প্রায় একশতে পৌঁছেছে। এরই মধ্যে মার্কিন কংগ্রেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেনেজুয়েলা–সংক্রান্ত সামরিক তৎপরতা সীমিত করার প্রস্তাবগুলো বাতিল হয়ে গেছে।
ভেনেজুয়েলা থেকে তেল পরিবহনে যুক্ত জাহাজগুলোর ওপর ওয়াশিংটনের নৌ অবরোধের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। কারাকাস এই পদক্ষেপকে নিজেদের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছে। এদিকে সম্ভাব্য বৃহত্তর সংঘাতের আশঙ্কায় আঞ্চলিক নেতারা ও জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।