আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি ও দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে উন্নয়ন অংশীদার, বিদেশি কূটনীতিক ও গুরুত্বপূর্ণ অংশীজনদের ব্রিফ করবে সরকার। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এই ব্রিফিং করবেন বলে জানা গেছে।
একাধিক কূটনৈতিক মিশন প্রধান বা তাদের প্রতিনিধি সরকারের এ বৈঠকে যোগ দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব কূটনীতিকদের কাছে কূটনীতিক ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টিতে সরকারের প্রতিশ্রুতি তুলে ধরবেন।
পাশাপাশি নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া এবং সরকারের ও নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে সমন্বয় ও স্বচ্ছতা বজায় রাখার পদক্ষেপ সম্পর্কেও তথ্য দেওয়া হবে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণ সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।