লিবিয়া কারাগার থেকে বাংলাদেশি প্রবাসীর চিঠি

'ড. ইউনূস আমাদের এই মৃত্যু ফাঁদ থেকে শিগগিরই উদ্ধার করেন'

'বাংকারের মতো বড় একটা রুম। আলো বাতাস প্রবেশ করে না। পৃথিবীর সাথে আমাদের কোনও সংযোগ নেই।' লিবিয়া ভিরগানাম জাওয়াইয়া, ত্রিপলি কারগারে বন্দি ২৬ বাংলাদেশি প্রবাসীর চিঠিতে এমন আকুতিভরা লেখা। কলমের কালি দুই রংয়ের। প্রথম কলমের কালি হয়তো শেষ, অন্য কালি দিয়ে লেখা। দাড়ি নেই, কমা নেই-- চিঠি দেখলেই মনে হবে যেন দ্রুত লেখা শেষ করে মা কিংবা স্ত্রীর কাছে পাঠানোর তাড়া।

যা লেখা আছে চিঠিতে

আমরা লিবিয়া ত্রিপলী জায়াইয়া বীর পানাম জেল থেকে বলছি। আমরা দীর্ঘ (১ বছর) থেকে এই জেলে মৃত্যুর সাথে লড়াই করতেছি। আমাদের অনেকের শরীর পচে গেছে, কোনও চিকিৎসা নাই। এখানে অনেক বৃদ্ধ লোক আছে তারা মৃত্যু পর্যায়ে আছে। আপনারা সবাই আমাদের এখান থেকে উদ্ধা করেন। ড. ইউনূস সাহেবের কাছে আমাদের দাবি অতি শিগগিরই এই জেল থেকে যেন আমাদের উদ্ধার করেন। আমাদের কাছে যোগাযোগের কোনও ব্যবস্থা নাই। পৃথিবীর সাথে আমাদের কোনও সংযোগ নাই- যেন জীবিত কবরের ভেতর আছি। বড় একটা রুম বাংকার সিস্টেম। এখানে আলো বাতাস আসে না। এ কারণে মানুষ অসুস্থ হয়ে যায় বেশি। দেশি ও প্রবাসী ভাইদের কাছে একটাই অনুরোধ, এই কবর থেকে যেন খুব তাড়াতাড়ি আমাদের উদ্ধার করা হয়। আপনাদের পায়ে পড়ি আমাদের উদ্ধার করেন। মনে হয় না আমরা বেশি দিন টিকতে পারব। এই অবস্থায় আমাদের মৃত্যু ছাড়া কোনও রাস্তা দেখতেছি না। মনে হইতেছে, মৃত্যু আমাদের অতি নিকটে হাতছানি দেয়। ড. মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে অনুরোধ রইল আমাদের এই মৃত্যু ফাঁদ থেকে অতি শিগগিরই উদ্ধার করেন।

এক মায়ের কাছে থেকে চিঠিটি সংগ্রহ করে 'প্রবাসীদের ডাক' নামের সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ মঞ্জুর হোসেন ঈসা।