সৌদি প্রবাসীদের উদ্দেশ্যে রিয়াদ দূতাবাসের সতর্কবার্তা

সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল, অনুমতি ছাড়া সভা সমাবেশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য, রাষ্ট্র বিরোধী অপপ্রচারের বিরুদ্ধে সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ দূতাবাস।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনুমতি ছাড়া সৌদি আরবে সভা-সমাবেশের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দেশটিতে বেশ কয়েকজন বাংলাদেশিকে আটক করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) রিয়াদে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে প্রবাসী বাংলাদেশিদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন এলাকায় ইসতেরাহা/হলরুম ভাড়া করে এবং হোটেল-রেস্তোরাঁ বা ব্যক্তিগত বাসা-বাড়িতে অননুমোদিতভাবে বিভিন্ন সংগঠনের ব্যানারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সভা-সমাবেশ আয়োজন, দলবদ্ধভাবে প্রচার প্রচারণায় অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের জন্য স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক কতিপয় বাংলাদেশি আটক হয়েছেন মর্মে বাংলাদেশ দূতাবাস, রিয়াদ অবহিত হয়েছে।

দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশিদের যথাযথ সৌদি কর্তৃপক্ষের অনুমোদনবিহীন কোনো সভা-সমাবেশ আয়োজন, দলবদ্ধভাবে প্রচার-প্রচারণায় অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সব ধরনের অপরাধমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচার হতে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

একই সঙ্গে সৌদি আরবের আইন-কানুন বিধি-বিধান মেনে চলার জন্যও সবাইকে অনুরোধ জানানো যাচ্ছে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

এই বিষয়ে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে দূতাবাসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু সংখ্যক প্রবাসী রাজনৈতিক কার্যকলাপ, উদ্দেশ্যমূলক, অসত্য, বিভ্রান্তিমূলক, অপতথ্য প্রচারের মাধ্যমে সাধারণ প্রবাসীদের উসকে দেওয়ার জন্য কাজ করছে যা ইতিমধ্যে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে। এসব বিভ্রান্তিমূলক অপপ্রচার থেকে নিজেকে বিরত রাখতে দূতাবাসের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এইসব উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন স্থানীয় আইন শৃঙ্খলাকারি বাহিনীর পাশাপাশি দূতাবাসের পক্ষ থেকেও অপপ্রচার কারিদের নজরে রাখা হচ্ছে। কারণ হিসেবে তিনি বলেন দূতাবাস কখনোই চায়না প্রবাসীরা কোন ধরনের অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে নিজের এবং পরিবার বিপদগ্রস্ত হোক। সৌদি আরবে বসবাসরত প্রতিটি বাংলাদেশি রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছে। দেশের ভাবমূর্তি রক্ষায় সবাই সচেষ্ট হবেন এমনটাই প্রত্যাশা করেন তিনি।